একুশে মিডিয়া ডেস্ক:
রোগীর সেবা শুধু চিকিৎসকের দায়িত্ব নয়—হাসপাতালের আড়ালে থাকা অসংখ্য সেবাকর্মী, নার্স, স্বেচ্ছাসেবী ও সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে সুস্থতার পথ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এমনই কিছু সংগঠন নীরবে হয়ে উঠেছে অসহায় রোগীদের ভরসার প্রতীক।
চমেক রোগী কল্যাণ সমিতি ৬৩ বছরে প্রায় ৫ লাখ রোগীকে সহায়তা দিয়েছে। শুধু গত ১৩ বছরেই ৩ লাখের বেশি রোগীর পেছনে ব্যয় হয়েছে ১২ কোটিরও বেশি টাকা। প্রতিদিন শতাধিক রোগীর পাশে দাঁড়ানোর পাশাপাশি হাসপাতালের বিভিন্ন উন্নয়নেও ভূমিকা রাখছে সংগঠনটি।
সন্ধানী চমেক ইউনিট ৪৩ বছর ধরে স্বেচ্ছায় রক্তদান, চক্ষুদান, চিকিৎসা সহায়তা ও জনসচেতনতায় কাজ করছে। স্বাধীনতা পদকসহ নানা সম্মাননায় ভূষিত এ সংগঠন নিয়মিত মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
কিডনি রোগী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয় একজন কিডনি রোগীর জীবনসংগ্রাম থেকে। বর্তমানে সংস্থাটি দরিদ্র রোগীদের সহায়তা এবং ভবিষ্যতে বিশেষায়িত কিডনি হাসপাতাল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
অন্যদিকে, ‘সাহিক’ চট্টগ্রাম উপকেন্দ্র দীর্ঘদিন ধরে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও শিক্ষা দিয়ে আসছে। আধুনিক চিকিৎসা সুবিধা ও পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে এটি হয়ে উঠেছে বিশেষায়িত সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এসব সংগঠনের নিরলস মানবিক উদ্যোগই চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের জীবনে জ্বালাচ্ছে আশার আলো।




No comments:
Post a Comment