একুশে মিডিয়া, ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে চট্টগ্রাম থেকে ৩৬ জন নারী নেত্রীকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলীয় সূত্র জানায়, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকার বোর্ডের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের জন্য ৩৬টি আসন বরাদ্দ রয়েছে। ফলে মনোনয়ন বোর্ড যাদের চূড়ান্তভাবে মনোনীত করবে, তাদের সংখ্যা যদি আসনসংখ্যার সমান হয়, তবে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীরা জানিয়েছেন, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা, মামলা-হামলা সহ্য করা এবং দীর্ঘদিন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়গুলো মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পাওয়া উচিত।
অন্যদিকে দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি সংসদে কার্যকর ভূমিকা রাখার মতো জ্ঞান, দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন,
“আমি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে চেয়েছিলাম, তবে দল মনোনয়ন দেয়নি। তবুও দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে আমি দলের পক্ষে কাজ করেছি।”
অন্যদিকে জাসাসের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমা সাঈদ বলেন,
“আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে ঝুঁকি নিয়েও আমি দীর্ঘদিন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার বিভিন্ন কর্মসূচিতেও সরব ছিলাম। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই দলের পক্ষে ভূমিকা রেখেছি। দলীয় আদর্শে অটল থাকতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়া ও চাকরি হারানোর মতো ত্যাগ স্বীকার করলেও কখনো আদর্শ থেকে বিচ্যুত হইনি।”
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীরসহ আরও অনেকে।
এছাড়াও তালিকায় রয়েছেন নাজমা আকতার, ডা. ফারহানা আফরোজ চৌধুরী, আফরোজা বেগম, মোছাম্মৎ শাহেনেওয়াজ চৌধুরী, এস এম নুসরাত ইকবাল, নাছিমা আক্তার চৌধুরী, আইরীন পারভীন খন্দকার, ফরিদা আকতার, ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, রীনা আকতার, দিল আফরোজ সুলতানা চৌধুরী, সায়মা আহমেদ, নাসিমা সাফা কামাল, বিবি হাজেরা সাদাত আলম, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, নাজনীন মাহমুদ, গোলতাজ বেগম, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা, ডা. ফারাহনাজ মাবুদ (সিলভী), নুরী আরা সাফা, মেহেরুন নেছা নার্গিস, ফারহানা ইয়াছমিন চৌধুরী আঁখি, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), রৌশন আখতার, সুলতানা পারভীন, জেসমিনা খানম, জিনাতুন নেছা জিনু, ইয়াসমিন খান, ডা. লুসি খান, অ্যাডভোকেট হাসনা হেনা এবং আয়শা আকতার সানজিসহ মোট ৩৬ জন।
দলীয় সূত্র আরও জানায়, সাক্ষাৎকার শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশনে পাঠাবে।
বর্তমানে সংরক্ষিত নারী আসন নিয়ে বিএনপির অভ্যন্তরে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে বলে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।




No comments:
Post a Comment