![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন (পিপিএম) কে ঘুষ দিতে এসে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের এক সমর্থককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে।
বিষয়টি ওসি ইলিয়াস হোসেন(পিপিএম), পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমকে অবগত করেন। আটককৃত বিএনপি সমর্থক রিয়াজুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে ওসিকে ভিন্নখাতে প্রভাবিত করার লক্ষ্যে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী সমন্বয়ক জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল আমাকে ৫০ হাজার টাকা দিয়ে ওসির কাছে পাঠান। একটি প্যাকেটে করে টাকাগুলো ওসির কাছে নিয়ে আসি। কিন্তু ওসি এ টাকা গ্রহণ করেন নি। রিয়াজুল শহরের মহিষখোলা এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে বলেন,‘নির্বাচনকে ঘিরে অবৈধ টাকা বিতরণ রোধসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে আমরা নজর রেখে আসছি। এরই মধ্যে সদর থানার ওসির কাছে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের এক নেতা টাকা নিয়ে আসেন। ওসি ইলিয়াস হোসেন সততা ও যথাযথ দায়িত্ববোধের পরিচয় দিয়ে বিষয়টি আমাকে অবগত করেন।‘এ ঘটনায় ৫০ হাজার টাকাসহ রিয়াজুল ইসলামকে আটক করা হয়। ৫০০ টাকার নোট দিয়ে একটি প্যাকেটের মধ্যে এ টাকাগুলো ওসির কাছে আনা হয়।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment