একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “রাজনীতি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। তবে বর্তমান বাস্তবতা, ব্যক্তিগত ও পারিবারিক দায়বদ্ধতা এবং ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
নিজের এ সিদ্ধান্তের বিষয়ে তিনি আরও বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে বৃহত্তর ঐক্য ও আদর্শকে তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন। তার ভাষায়, “দেশের স্বার্থে কখনো কখনো ত্যাগ স্বীকার করাই প্রকৃত রাজনীতি।”
রাজনীতি থেকে বিদায়ের ঘোষণায় এম এয়াকুব আলী জানান, তিনি দল ও দেশের জন্য যতটুকু করতে পেরেছেন, তাতেই সন্তুষ্ট। ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




No comments:
Post a Comment