মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল, দস্তারবন্দী ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকাল ৩টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী আলোচনা এবং হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আলেম-ওলামা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন মাদ্রাসার উস্তাদদের অংশগ্রহণে বিশেষ মশক পরিচালনা করেন উস্তাজুল হুফ্ফাজ শায়েখ আব্দুল হক (দা.বা.), চেয়ারম্যান, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এ সময় কুরআন তিলাওয়াতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম।
বিকাল ৪টায় প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীকে নতুন ছবক প্রদান করা হয়। পরে আসরের নামাজের পর পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ৯ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়।
বক্তারা বলেন, কুরআনের শিক্ষায় আলোকিত আদর্শ প্রজন্ম গঠনে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশেও মাদ্রাসাটির অবদান প্রশংসনীয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “আমাদের লক্ষ্য কুরআনের আলো সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া। হাফেজ তৈরির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
আয়োজকরা জানান, কুরআনের খেদমতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হবে।




No comments:
Post a Comment