একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
রবিবার (৯ আগস্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে সকাল থেকেই চট্টগ্রামের বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থলে জড়ো হয়েছেন হাজারো মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পুরো সমাবেশস্থল।
সমাবেশস্থলজুড়ে মানুষের কোলাহল, স্লোগান, ব্যানার ও ফেস্টুনে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এখন সবার অপেক্ষা কাঙ্ক্ষিত সেই মুহূর্তের- কখন সমাবেশস্থলে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
রোববার (৯ আগস্ট) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে দলে দলে, মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নির্ধারিত জায়গায় তিল ধারণের ঠাঁই থাকেনি। সমাবেশস্থলের আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও অবস্থান নিয়েছেন অনেকে।
সমাবেশে আসা মানুষের অনেকের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। কারও হাতে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত প্ল্যাকার্ড, আবার কেউ বহন করছেন বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাঁশখালীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, তেমনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রত্যাশাও বেড়েছে। বন্যাকবলিত এলাকার মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের দুর্ভোগের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চালানো হচ্ছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে।
সমাবেশে আসা স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগ পেতে তারা সকালেই সমাবেশস্থলে এসেছেন। তীব্র রোদের মধ্যেও প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় থাকতে তাদের কোনো কষ্ট হচ্ছে না।




No comments:
Post a Comment