একুশে মিডিয়া ডেস্ক:
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ-এর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শরিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি জানান, জোটের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হবেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক, নাসিরুদ্দীন পাটওয়ারী, মিয়া গোলাম পরওয়ার, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, রাশেদ প্রধান, মোস্তাফিজুর রহমান ইরান, ব্যারিস্টার ফুয়াদ এবং মাওলানা জালালুদ্দীন আহমদসহ জোটের শীর্ষ নেতারা।
সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে সর্বশেষ বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছিল। সে সময় বিরোধী দলে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ বিচারপতি বদরুল হায়দার চৌধুরী-কে মনোনয়ন দেয়। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস-এর কাছে ৮০ ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর থেকে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি ২১১টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট পায় ৬৮টি আসন। এছাড়া বিএনপি জোটের শরিকদের মধ্যে বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসন লাভ করে। জামায়াত নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস একটি আসন পায়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ৭টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়।




No comments:
Post a Comment