একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ঋষিধামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুক্রবার (৩০ জানুয়ারি) পরিদর্শন করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনের সেকেন্ড সেক্রেটারি এম কে সিং।
পরিদর্শনকালে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অন্যতম দিকনির্দেশক এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রী দেবাশীষ পালিত। এ সময় তিনি অতিথির কাছে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার উদ্দেশ্য, ঐতিহ্য, ধর্মীয় গুরুত্ব এবং সার্বিক আয়োজন সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
পরবর্তীতে এম কে সিং ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় আন্তর্জাতিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সহসভাপতি শ্রী রাজীব সিংহ, কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিকসহ কুম্ভমেলা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও বহুজাতিক সংস্কৃতির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশ-বিদেশের দর্শনার্থীদের আকর্ষণ করছে।




No comments:
Post a Comment