একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে নতুন টিনের ঘরের চাবি হস্তান্তর করেছেন।
রবিবার দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের খোঁজখবর নেন এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরে তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। বন্যার পানিতে শত শত পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পুকুর, জলাশয় ও মাছের ঘের তলিয়ে গিয়ে স্থানীয় বাসিন্দারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশে রওনা হন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।




No comments:
Post a Comment