![]() |
একুশে মিডিয়া ডেস্ক:
দেশের ২০২টি মাদ্রাসা বন্ধ করতে নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া এসব মাদ্রাসার এমপিও কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না- এর কারণ দর্শানোর নোটিশ চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগ।
জানা যায়, দুই বছরে দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশ না নেওয়ায় এ নির্দেশ দিয়েছে সরকার। ইতিমধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিল, মাদ্রাসার কোড বা অনলাইন পাসওয়ার্ড বন্ধ করে দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সহকারী সচিব মো. আবদুল খালেক স্বাক্ষরিত চিঠিতে এসব মাদ্রাসা বন্ধ করার কথা বলা হয়েছে।
জানা গেছে, ২০১৭ ও ২০১৮ সালের দাখিল পরীক্ষায় ২০২টি মাদ্রাসার কোনো শিক্ষার্থী অংশ নেয়নি। অথচ সবগুলো মাদ্রাসাই এমপিওভুক্ত। তাদের পেছনে সরকারের প্রতি মাসে ব্যয় হচ্ছে কয়েক কোটি টাকা।
বন্ধ হওয়া মাদ্রাসাগুলোর মধ্যে বাগেরহাটে চারটি, বরগুনা পাঁচটি, বরিশালে দুটি, ভোলায় ছয়টি, বগুড়ায় চারটি, ব্রাহ্মণবাড়িয়ায় একটি, চাঁদপুরে একটি, চাঁপাইনবাবগঞ্জে দুটি, চট্টগ্রামে একটি, কুমিল্লায় তিনটি, দিনাজপুরে ১৯টি, গাইবান্ধায় ১২টি, যশোরে পাঁচটি, ঝিনাইদহে একটি, জয়পুরহাটে দুটি, খাগড়াছড়িতে একটি, খুলনা চারটি, কিশোরগঞ্জে একটি, কুড়িগ্রামে একটি, কুষ্টিয়ায় তিনটি, লালমনিরহাটে পাঁচটি, মেহেরপুরে একটি, ময়মনসিংহে চারটি, নওগাঁয় একটি, নাটোরে ১১টি, নড়াইলে একটি, নেত্রকোনায় একটি, নীলফামারীতে তিনটি, নোয়াখালীতে একটি, পাবনা জেলায় পাঁচটি, পঞ্চগড়ে সাতটি, পটুয়াখালীতে সাতটি, রাজবাড়ীতে দুটি, রাজশাহীতে ১১টি, রংপুরে নয়টি, সাতক্ষীরায় পাঁচটি, সিরাজগঞ্জে ১০টি, সিলেটে একটি ও ঠাকুরগাঁওয়ে ২৬টি।
এছাড়া কয়েকটি জেলায় দুটি ও একটি করে মাদ্রাসা এ তালিকায় রয়েছে। দাখিল পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস না করায় আরও ৯৬টি মাদ্রাসাকে মে মাসে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment