একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে ২২ দিনের জন্য বন্ধ হয়ে গেছে ইলিশ শিকার- যা কার্যকর থাকবে ২৮ অক্টোবর পর্যন্ত। মা ইলিশ রক্ষায় সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। মৎস্য অধিদফতর জানায়, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে আশ্বিনের ভরা পূর্ণিমা লক্ষ্য রেখে এ আদেশ জারি করা হয়েছে। এ সময়ে ডিম ছাড়ার জন্য ৭০-৮০ ভাগ মা ইলিশ গভীর সাগর ছেড়ে নদীর মিঠা পানিতে চলে আসে। এ বছরের ২৪ অক্টোবর আশ্বিনের পূর্ণিমা। পূর্ণিমার আগে সাগর ছেড়ে নদীতে প্রবেশকালে এবং পূর্ণিমার পরে নদী ছেড়ে সাগরে ফেরার সময় জেলেদের জালে ধরা পড়ে মা ইলিশ। তাই মা ইলিশের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে পূর্ণিমার আগে ১৭ দিন ও পরে ৪ দিনসহ মোট ২২ দিন ইলিশ নিধনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ২২ দিন ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুদ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ আদেশ বাস্তবায়ন করবে মৎস্য অধিদফতর, কোস্টগার্ড ও নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ শিকার বন্ধে গত কয়েকদিনে সচেতনতামূলক বেশ কয়েকটি সভা করেছে দোহার উপজেলা ও থানা প্রশাসন। গত বুধবার মৈনট ঘাটে জেলে, আড়ৎদার ও বিক্রেতাদের নিয়ে দোহার থানা পুলিশ আয়োজিত সভায় ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, ইলিশ মাছ আমাদের দেশের সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা ইলিশ রক্ষায় সবাইকে আহ্বান জানিয়েছেন। যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, বিক্রি বা মজুদের সাথে জড়িত থাকে তাহলে কোন ছাড় দেয়া হবে না। এই ২২ দিনে পদ্মায় কোন ইলিশের নৌকা পাওয়া গেলেই আটক করার নির্দেশ দেয়া আছে। আমরা মনে করি, জাতীয় সম্পদ যারা বিনষ্ট করবে তারা দেশের শত্রু। তাদের কোন ছাড় দেয়া হবে না।





No comments:
Post a Comment