একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৯৬০ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭ হাজার ৭২৩।
ভোটের ফল বিশ্লেষণে দেখা যায়, বহুমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে জামায়াতের প্রার্থী শুরু থেকেই শক্ত অবস্থানে ছিলেন। কেন্দ্রভিত্তিক গণনা শেষে বেসরকারি ফলাফলে তাঁর জয় নিশ্চিত হয়।
অন্যান্য প্রার্থীদের ফলাফল- স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক) - ৫৫ হাজার ৭১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ রুহুল্লাহ (হাতপাখা) - ৩ হাজার ৯৭৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা আব্দুল মালেক (চেয়ার) - ৮১১ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত মো. আরিফুল হক (ট্রাক) - ২৪১ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত এহছানুল হক (হারিকেন) - ১০৪ ভোট, নির্বাচনী আইন অনুযায়ী, মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (জিওপি) ও বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
শান্তিপূর্ণ ভোটগ্রহণ- বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১২টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৮২৫, নারী ১ লাখ ৯০ হাজার ৭৩৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।




No comments:
Post a Comment