একুশে মিডিয়া, ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। দলীয় সিদ্ধান্তের কারণে তারা এ শপথগ্রহণ থেকে বিরত থাকেন বলে জানিয়েছেন নেতারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার কিছু পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
একই অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পাঠ করানোর কথা ছিল। তবে শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলীয় অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে বিএনপির সুস্পষ্ট সিদ্ধান্ত রয়েছে।
এ সময় বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমানসহ দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের ফরম থাকলেও বিএনপির কেউ এ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি।
তিনি আরও বলেন, বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত বা ধারণ করা হয়নি। গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে সন্নিবেশ করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের শপথ কে পড়াবেন, সে সম্পর্কেও সুস্পষ্ট বিধান থাকতে হবে।
সালাহউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান বর্তমান সংবিধানে নেই।
“আমরা সংবিধান মেনেই এ পর্যন্ত চলেছি, ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী চলব,”-যোগ করেন তিনি।




No comments:
Post a Comment