একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে পরাজয়ের একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।
পোস্টের শুরুতে তিনি ধর্মীয় সম্ভাষণ জানিয়ে বাঁশখালীবাসী, দলের সিনিয়র নেতৃবৃন্দ, নেতা-কর্মী, শুভানুধ্যায়ীদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান। নির্বাচনে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা তার পোস্টে উল্লেখ করেন, সমর্থকদের ভালোবাসা, ত্যাগ ও আন্তরিকতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে বাঁশখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যারা ভালোবেসে ও বিশ্বাস করে তাকে মূল্যবান ভোট দিয়েছেন, তাদের এই আস্থা তার জীবনের এক বড় অর্জন।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আগামীতেও তিনি এলাকার মানুষের পাশে থাকবেন এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন। পোস্টের শেষাংশে তিনি সবার জন্য দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর নিকট উত্তম প্রতিদানের প্রার্থনা জানান।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।




No comments:
Post a Comment