একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ-এর ছেলে ও দলীয় প্রার্থী ওমর ফারুক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ। দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, জসিম উদ্দিন আহমেদ পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত ‘ছাতা’ প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।
ভিডিও বার্তায় কারচুপির অভিযোগ-
ছেলের পরাজয়ের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় কর্নেল (অব.) অলি আহমদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলেন।
তিনি দাবি করেন, হাশিমপুর তরুণ সংঘ স্কুল, হাশিমপুর বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দোহাজারী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে বিকেল সাড়ে ৪টার পর অপরিচিত কয়েকশ ব্যক্তি প্রবেশ করে জোরপূর্বক ব্যালট বাক্সে ভোট প্রদান করেন। আইনশৃঙ্খলা বাহিনী দুপুর আড়াইটা থেকে তিনটার পর তাঁর দলীয় নেতা-কর্মীদের কেন্দ্রের বাইরে দায়িত্ব পালন করতে বাধা দেয় এবং মারধর করে বের করে দেয় বলেও অভিযোগ করেন তিনি।
অলি আহমদ আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ৬-৭টি মাইক্রোবাস ও মোটরসাইকেল বহর নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন এবং সন্ধ্যার আগে-পরে ৩০-৪০টি গাড়ির বহর নিয়ে উপজেলা সদরে মিছিল করেন। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের উপস্থিতি থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
বাতিল ভোট নিয়ে প্রশ্ন-
তিনি বলেন, তাঁর ছেলে ওমর ফারুকের প্রায় সাড়ে চার হাজার ভোট বাতিল করা হয়েছে। এজেন্টরা চ্যালেঞ্জ জানালেও বাতিলের সুনির্দিষ্ট কারণ দেখানো হয়নি। পুরো নির্বাচন প্রক্রিয়া ‘পরিকল্পিতভাবে’ পরিচালিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শান্ত থাকার আহ্বান-
সমর্থকদের উদ্দেশে অলি আহমদ শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, কারও সঙ্গে ঝগড়া-বিবাদে জড়ানোর প্রয়োজন নেই; প্রশাসনের উচিত এলাকায় টহল জোরদার করা। একইসঙ্গে তিনি দাবি করেন, এক থেকে দেড় হাজার ভোটের ব্যবধানে পরাজিত হওয়া আরও কয়েকজন প্রার্থীর ক্ষেত্রেও একই ধরনের কৌশল প্রয়োগ করা হয়েছে।
সবশেষে তিনি বলেন, নির্বাচন শুধু জয়-পরাজয়ের বিষয় নয়; জনগণের সেবায় তিনি ও তাঁর পরিবার আগামীতেও নিয়োজিত থাকবেন।




No comments:
Post a Comment