মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাইমাদারী নিদাগের পাড়া গ্রামের রাজমিস্ত্রী মোহাম্মদ আরাফাত (২৯) গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। ঘটনাটি এলাকায়ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন আরাফাত। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোথাও তার কোনো খোঁজ মিলছে না। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ আরাফাতের স্ত্রী রুমা আক্তার স্বামীর সন্ধানে দিশেহারা হয়ে পড়েছেন। তার বৃদ্ধ পিতা, ব্যাটারিচালিত অটোরিকশা চালক আশরাফ আলী বলেন, “আমার ছেলে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাইনি। ৯ ফেব্রুয়ারি চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। প্রশাসনের সহযোগিতায় দ্রুত আমার ছেলেকে ফিরে পেতে সবার সহায়তা চাই।”
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চন্দনাইশ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে অবস্থান শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।




No comments:
Post a Comment