একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্নতায় দেশ গড়ি’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসমাগমস্থলে একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রবিউল হক, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট লায়ন নাছির উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিরা, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা।
এ সময় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সড়ক, ড্রেন, খেলার মাঠ ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাঁশখালী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।




No comments:
Post a Comment