একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। এছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক বন্যাদুর্গত মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর অসংখ্য পরিবার ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন এ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে তারা সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা এ সহায়তার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




No comments:
Post a Comment