রুশমী আক্তার, লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই নারীসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের আবু তালেবের ছেলে পলাশ মাহমুদ (৩৬), গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার পূর্ব কলমেরশর এলাকার মৃত মো. রহমান খানের ছেলে মো. সজীব মিয়া (২৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের ওমর আহমেদের মেয়ে সাদিয়া আক্তার (২৪) এবং একই এলাকার ফারুক আহমেদের মেয়ে নুসরাত জাহান ইভা (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাশের নেতৃত্বে জাঙ্গালিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী চকোলেট রঙের একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের বাম পাশের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরি থেকে ৪০টি সবুজ রঙের পলিথিনের প্যাকেটে রাখা মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয় এবং ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১৬ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত মাদক পাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




No comments:
Post a Comment