একুশে মিডিয়া, প্রতিবেদক:
টানা বৃষ্টি ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফর ঘিরে চট্টগ্রামের এই উপকূলীয় উপজেলায় তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের নানা সমস্যা ও সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে কার্যকর উদ্যোগ ও সহায়তার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে বাঁশখালী সফর করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১২টায় উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় আয়োজিত সভামঞ্চে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাঁশখালীতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। এখন স্থানীয় মানুষের অপেক্ষা প্রধানমন্ত্রীর আগমনের।
সাম্প্রতিক বন্যায় বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, বসতঘর, কৃষিজমি ও মৎস্যসম্পদ। অনেক পরিবারকে দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু সাময়িক সহায়তা নয়, বাঁশখালীর দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান চান তারা। বিশেষ করে বেড়িবাঁধ সংস্কার ও শক্তিশালীকরণ, জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, কৃষকদের ক্ষতিপূরণ এবং নদী-খাল পুনঃখননের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রধানমন্ত্রীর নজরে আনার প্রত্যাশা করছেন তারা।
বিএনপি নেতা দেলোয়ার আজিজ বলেন, আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের দুর্ভোগ নিজের চোখে দেখবেন। বাঁশখালীর দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন-এটাই আমাদের প্রত্যাশা।




No comments:
Post a Comment