একুশে মিডিয়া ডেস্ক:
বদরখালী এলাকায় সংসদ সদস্য আলমগীর ফরিদ-এর গাড়িবহরে থাকা একটি গাড়ির ধাক্কায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা- স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এমপির গাড়িবহরের পেছনে থাকা ৩ নম্বর গাড়িটি শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বহরের পক্ষের বক্তব্য- গাড়িবহরে থাকা তারেক রহমান জানান, আলমগীর ফরিদ নির্বাচন-পরবর্তী সময় তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফর শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার দাবি, শিশুটি বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় উত্তেজিত জনতা বহরের একটি গাড়ি ভাঙচুর করে। তবে সংসদ সদস্য আলমগীর ফরিদ নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন বলে জানা গেছে।
পুলিশের বক্তব্য- এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এমপির ব্যক্তিগত গাড়িতে নয়, তার গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় বদরখালীর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত শিশুর পরিচয়- নিহত মো. খালেদ বিন ওয়ালিদ বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়া দম্পতির সন্তান। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এলাকায় শোকের ছায়া- শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্থানীয় এলাকাতেও বিরাজ করছে শোক ও ক্ষোভের পরিবেশ। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।




No comments:
Post a Comment