একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদন:
নিউরোলজি তথা স্নায়ুরোগ বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের গৌরবময় সাফল্যে বাঁশখালীর কৃতিসন্তান ডা. আসিফুল হককে সংবর্ধনা দিয়েছে কমিউনিটি পোর্টাল বাঁশখালী এক্সপ্রেস। বুধবার সন্ধ্যায় বাঁশখালী পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান অনাড়ম্বর হলেও ছিল মর্যাদাপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে ভরপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রহিম সৈকত। উপস্থিত ছিলেন একুশে মিডিয়া-এর সম্পাদক ছৈয়দুল আলম, বাঁশখালী এক্সপ্রেসের বার্তা সম্পাদক রিয়াজুল হক রিফাত, প্রতিনিধি আরফাতুল ইসলাম মাসুম, মোহাম্মদ ইমন, রিয়াদুল ইসলাম রিফাত ও মোহাম্মদ আরিফুল ইসলাম ফয়সালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, ডা. আসিফুল হকের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো বাঁশখালীবাসীর জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। তাঁরা তাঁর পেশাগত নিষ্ঠা, মানবিক মূল্যবোধ ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামের মাহমুদুল হক ও শেলী আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান ডা. আসিফুল হক। সবুজ-শ্যামল গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন শুরু হয় বৈলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী হাজি মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে তিনি ভর্তি হন দেশের অন্যতম স্বনামধন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ এবং সাফল্যের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চতর শিক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউরোলজি বিষয়ে এমডি ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এ এফসিপিএস (মেডিসিন) দ্বিতীয় পর্বে অধ্যয়নরত, যা তাঁর পেশাগত উৎকর্ষ সাধনের ধারাবাহিক প্রয়াসের অংশ।
উল্লেখ্য, করোনাকালীন বৈশ্বিক মহামারির সময় জীবনের ঝুঁকি উপেক্ষা করে দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ডা. আসিফুল হক। দায়িত্ব পালনকালে তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে মানসিক দৃঢ়তা ও অদম্য সাহস নিয়ে সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে ফিরে রোগীদের সেবায় আত্মনিয়োগ করেন। তাঁর এ সাহসিকতা ও দায়িত্বনিষ্ঠা নিয়ে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো এবং The Daily Star-এ প্রতিবেদন প্রকাশিত হয়, যা পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে।
সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আসিফুল হক বলেন, “মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখতাম। মহান আল্লাহর অশেষ রহমতে আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি সবসময় আমার আয়ের একটি অংশ মানবিক কাজে ব্যয় করি। যত উচ্চতর ডিগ্রিই অর্জন করি না কেন, আমার জন্মভূমি বাঁশখালীর মানুষের সেবাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
অনুষ্ঠানের শেষ পর্বে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, তাঁর এই কৃতিত্ব বাঁশখালীর তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা, নৈতিকতা ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
.jpeg)



No comments:
Post a Comment