মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় তিনটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের উত্তর মিত্রডাঙ্গা তাহাফজুল কুরআন মাদ্রাসা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় দৈবজ্ঞহাটী ইউনিয়নের হামছাপুর খাল, পুটিখালী ইউনিয়নের পুকুরডানা খাল এবং বলইবুনিয়া ইউনিয়নের কচুবুনিয়া খালের পুনঃখনন কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মোট ৬ কিলোমিটার দৈর্ঘ্যের তিনটি খাল পুনঃখনন করা হচ্ছে। এতে এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত হবে এবং হাজার হাজার কৃষক পরিবার উপকৃত হবে। পাশাপাশি এ অঞ্চলের প্রায় ১ হাজার হেক্টর ফসলি জমি মিষ্টি পানির সেচ সুবিধার আওতায় আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, বাগেরহাট এপিপি (দুদক) শেখ নজরুল ইসলাম কাজল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মো. সাহাদাৎ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




No comments:
Post a Comment