একুশে মিডিয়া, নিজস্ব প্রদিবেদক:
বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর চিফ অব মিশন লরা টম বন্ড। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার (২২ জুলাই) উপজেলার কাথরিয়া ইউনিয়নের বন্যাকবলিত নিম্নাঞ্চল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আইওএমের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ইপসা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রিপল (তেরপাল) বিতরণ করে।
এ সময় ক্ষতিগ্রস্তদের উদ্দেশে আইওএমের চিফ অব মিশন লরা টম বন্ড বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি আমরা গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করেছি। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র দেখতে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমি নিজেই এখানে এসেছি। মানুষের বাড়িঘর বিধ্বস্ত হওয়া এবং অনেকের বাসস্থান হারানোর দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক।
তিনি আরও বলেন, আপনাদের সমস্যাগুলো সরাসরি বুঝতে এবং কীভাবে কার্যকরভাবে সহায়তা করা যায়, সেটি নিরূপণের জন্য আমরা কাজ করছি। আজকের সহায়তা কার্যক্রম প্রাথমিক পর্যায়ের। ভবিষ্যতেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তায় বৃহত্তর পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে এবং আমরা আপনাদের পাশে থাকতে চাই।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহান, আইওএমের ন্যাশনাল প্রজেক্ট অফিসার সৈয়দ শাহরিয়ার শাবাব, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সৌমিন শারিদ, ইপসার প্রজেক্ট অফিসার সানজিদা আক্তার, কো-অর্ডিনেটর কল্যাণ বড়ুয়া, কাথরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা মিয়া, পরিষদ সচিব হারুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।




No comments:
Post a Comment