চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগের মাধ্যমে এলাকাবাসীকে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামবাসী।
শুক্রবার (তারিখ) বিকেলে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযুক্ত আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তিনি স্থানীয় মৃত নজির আহমদের ছেলে।
মানববন্ধনে বক্তব্য দেন মাহবুব আলম, মঞ্জুর আলম, জালাল উদ্দীন ও মো. জুয়েল। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ-পরিচালক নবিদুর রহমান এবং চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা শাহাব উল্লাহ বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধ, মতের অমিল কিংবা জমি-সংক্রান্ত বিরোধের জেরে আবুল কাশেম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করে আসছেন। তাদের দাবি, বিদেশ থেকে দেশে ফেরা কয়েকজন প্রবাসীকেও তিনি মিথ্যা অভিযোগে জড়িয়েছেন। এ কারণে কয়েকজন প্রবাসী দেশে ফিরতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও দাবি করেন, অতীতেও একই ধরনের ঘটনায় একাধিক ব্যক্তি হয়রানির শিকার হয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবুল কাশেমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ‘ভুল নম্বরে ফোন করেছেন’ বলে কল কেটে দেন। পরবর্তীতে আর তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে, চলতি সপ্তাহে জুয়েল ও জালাল নামে দুই প্রবাসীর বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগ থানায় লিখিতভাবে দায়ের করেন আবুল কাশেম।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই রূপক ঘোষ বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।




No comments:
Post a Comment