একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:
বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ নাছের।
নির্বাচন কমিশনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ওই পদে আর কোনো প্রার্থী না থাকায় মোহাম্মদ নাছেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তিনি ভোটার নং-৩২ এবং ফরম নং-১৩-এর প্রার্থী ছিলেন।
এর আগে অ্যাডভোকেট মোহাম্মদ নাছের ২০২৪-২০২৫ সেশনে প্রত্যক্ষ ভোটে সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।
বাঁশখালী আইনজীবী সমিতির প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কান্তি সুশীলসহ সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন এবং অ্যাডভোকেট মো. জসিম উদ্দিনের যৌথ স্বাক্ষর রয়েছে।
এদিকে, আইনজীবি সমিতির অন্যান্য পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ২০ এপ্রিল প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় আইনজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।




No comments:
Post a Comment