একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গাঁজা সেবনের দায়ে মোহাম্মদ মোরশেদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টাইম বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় জনতা তাকে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাকে উদ্ধার করে এবং তার কাছ থেকে গাঁজা জব্দ করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁর এমন কার্যক্রমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সচেতন মহল। পাশাপাশি, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।




No comments:
Post a Comment