একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অধ্যাপক আসহাব উদ্দীন আহমেদ সড়কের গুনাগরী এলাকায় সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য নির্মিত সরকারি নালাটি দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পড়ে। ফলে বর্ষা মৌসুমে পানি চলাচল ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংস্কা এবং স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ ফুট প্রশস্ত নালাটি নির্মাণের পর থেকে সরকারি উদ্যোগে একবারও পরিষ্কার করা হয়নি। এতে নালার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়।
এ অবস্থায় বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী ফারুখ ছোবাহান নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ নালাটি পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেন। বুধবার (২৪ জুন) নালা পরিষ্কারের কাজ শুরু করা হয়।
পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আরিফ বিল্লাহ চৌধুরী, কালীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মুফিজুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কলিম, হাসেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নালাটি পরিষ্কার হলে বর্ষাকালে পানি নিষ্কাশন সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।




No comments:
Post a Comment