একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলায় ফেসবুকে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মো. জুয়েল রানা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দারোগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে একটি কাপড়ের ব্যবসা পরিচালনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুটবল খেলা দেখার পর দোকানে যাওয়ার প্রস্তুতি নেন জুয়েল। সোমবার সকাল ১১টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের একটি ছবি পোস্ট করে লিখেন, দল হারবে, জিতবে; কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না। পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সিএনজিচালিত অটোরিকশায় করে দোকানে যাওয়ার পথে দারোগা বাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা বাপ্পারাজ তালুকদার বলেন, জুয়েল একজন প্রাণবন্ত তরুণ ছিলেন। তিনি ভালো ফুটবল খেলতেন এবং কয়েক দিন আগেও স্থানীয় একটি টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ছোট ভাই মো. আরাফাত বলেন, ব্রাজিলের পরাজয়ে ভাইয়ের মন খারাপ ছিল। পরে দোকানে যাওয়ার পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, দুর্ঘটনায় জড়িত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
.jpeg.jpg)



No comments:
Post a Comment