![]() |
একুশে মিডিয়া:ক্রোয়েশিয়ার জার্সি গায়ে মাঠে উপস্থিত প্রেসিডেন্ট কোলিন্ডা গ্র্যাবার-কিটারোভিচ। ছবি: সংগৃহীত
চলতি রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়েছেন দলটি। নাইজেরিয়া, আর্জেন্টিনা ও আইসল্যান্ডকে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে জায়গা করে নেয় মদ্রিচ বাহিনী।
দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করার পর মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেয়ার সিদ্ধান্ত নেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্র্যাবার কিটারোভিচ। রবিবার (১ জুলাই) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই ব্যক্তিগত বিমানে চড়ে রাশিয়ায় পৌঁছান তিনি।
ক্রোয়েশিয়ার গণমাধ্যম সূত্র জানায়, বিমানে অন্যদের সঙ্গে মজা করতে করতেই রাশিয়ায় পৌঁছান কোলিন্ডা। সে সময় তার পরনে ছিল জাতীয় দলের জার্সি। মাঠেও ক্রোয়েশিয়ার জার্সি গায়ে মদ্রিচ-রাকিটিচদের খেলা উপভোগ করেন প্রেসিডেন্ট কোলিন্ডা গ্র্যাবার কিটারোভিচ।
ডেনমার্কের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত, পুরোটা সময় গ্যালারিতে উপস্থিত থেকে রাকিটিচদের উৎসাহ দেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। এ সময় গ্যালারিতে অন্য দর্শকদের সঙ্গে ছবি ও সেলফি তোলেন কোলিন্ডা।

ম্যাচটি শুরুর ৪ মিনিটেই দুইটি গোল হয়। কিন্তু, সেই ম্যাচ যে পেনাল্টি শুটআউটে গড়াবে। তা হয়তো কেউ ভাবেননি। কিন্তু এটাই হয়েছে ডেনমার্ক ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটিতে। ১-১ গোল সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ডেনমার্ককে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।
খেলা শেষেও ড্রেসিংরুমে গিয়ে কোচ ও পুরো দলকে অভিনন্দন জানান, দেশটির প্রেসিডেন্ট।
এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে ক্রোয়েশিয়ার ভক্ত, সমর্থক ও ফুটবলারদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোলিন্ডা।
তিনি লিখেন, ‘ক্রোয়েশিয়ার সব ভক্তদের অভিনন্দন। আমরা আমাদের স্বপ্ন সবার কাছে নিয়ে আসব। সোচিতে দেখা হবে!’
প্রসঙ্গত, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবির কারণে আলোচনায় আসেন তিনি। গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারানোর পর থেকেই সমুদ্র সৈকতে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের বিকিনি পরা কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এই মুহূর্তে কোলিন্ডাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী প্রেসিডেন্ট বলা হচ্ছে।
![]() |





No comments:
Post a Comment