বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সিরহাট এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল কোকদণ্ডী হাছিয়াপাড়া সড়ক সংলগ্ন ছড়াটি দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকায় বর্ষা মৌসুমে পানি চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর ফলে স্থানীয় জনবসতি, কৃষিজমি ও কৃষি ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাঁশখালীর ঐতিহ্যবাহী রামদাস মুন্সিরহাট কাঁচাবাজারেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নিয়মিত বাজার বসানোও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়াটি দখলমুক্ত ও পরিষ্কারের দাবি জানিয়ে আসছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ছড়া পরিষ্কারের কার্যক্রম শুরু করার নির্দেশ দেন এবং ছড়ার দুই পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণকারী দোকান মালিকদের আগামী রবিবার পর্যন্ত স্বেচ্ছায় স্থাপনা অপসারণের সময় দেন।
এ সময় তিনি ছড়ার দখলকৃত অন্যান্য অংশও পর্যায়ক্রমে পরিষ্কার ও দখলমুক্ত করার নির্দেশনা দেন। উপজেলা পরিষদের অর্থায়নে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামকে প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন জানান, নির্ধারিত সময়ের মধ্যে কেউ নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করলে রবিবারের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ছড়ার স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব নুরুল আলম, ছাত্রনেতা মোহাম্মদ মারুফ, সাংবাদিক মোহাম্মদ এরশাদ, স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।




No comments:
Post a Comment