একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:
বাঁশখালী মহাসড়কের বাঁশখালী পৌরসভার মনছুরিয়া এলাকায় মাছবোঝাই মিনিট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহেশখালীর দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নোমান মোহাম্মদ ইলাহি (৩৪) এবং শাপলাপুর ইউনিয়নের বীর মুহাম্মদ বাহাদুর (২৮)। তারা দুজনই চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাঁশখালীগামী একটি মাছবোঝাই মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বীর মুহাম্মদ বাহাদুর ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন নোমান মোহাম্মদ ইলাহিসহ আরও চারজন।
স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নোমান মোহাম্মদ ইলাহির মৃত্যু হয়। আহত অপর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন নিহত দুই যুবক। নোমান মোহাম্মদ ইলাহি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আবু সরওয়ারের বড় ভাই।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মহেশখালীর দুই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।




No comments:
Post a Comment